ভারতে গোমূত্র পান করিয়ে নির্যাতন! সাবেক এমপি’র পরিবারের বিরুদ্ধে মামলা

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা এবং গৃহনির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, স্বামীর কথিত বন্ধ্যাত্বের চিকিৎসার নামে গত সাত বছর ধরে তাকে তান্ত্রিক আচার পালনে বাধ্য করা হয়েছে। এমনকি জোর করে গোমূত্র পান করানো এবং মাথার চুল ছিঁড়ে নেওয়ার মতো নির্যাতনও করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, থানে জেলার এ ঘটনায় বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে, স্থানীয় এক কাউন্সিলর এবং দুই কথিত তান্ত্রিকের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

গিরিজার অভিযোগ, বিয়ের পর থেকে তিনি নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক অনুষ্ঠানেও তাকে অপমান করা হতো এবং মারধরের ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ