
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই বিশ্বসেরাদের লড়াই। তবে এবার সেই মহারণের সঙ্গে যোগ হচ্ছে সংগীতেরও এক বর্ণিল উৎসব। মাঠের উত্তেজনার বিরতিতে দর্শকদের মাতাতে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ইতিহাসে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে একটি বিশেষ হাফটাইম শো। আর সেই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকা শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা ও দক্ষিণ কোরিয়ার সুপারস্টার ব্যান্ড বিটিএস।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের বিরতিতে এই জমকালো আয়োজন হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে আরও থাকবেন নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের অংশগ্রহণে পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট-এর মাপেট চরিত্রগুলো।
বিশেষ এই হাফটাইম শোর কিউরেশন করেছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকদের লক্ষ্য, ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা, যা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে।
অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবারও। তিনি বলেন, ‘ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।’ স্বাস্থ্যগত সমস্যার কারণে দীর্ঘ বিরতির পর সম্প্রতি কোচেলা উৎসবে মঞ্চে ফেরা বিবারের জন্য এটি হবে আরও একটি বড় আন্তর্জাতিক পারফরম্যান্স।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা আবারও মঞ্চ ভাগ করবেন বার্না বয়ের সঙ্গে। তাদের যৌথ গান ‘দাই দাই’ ইতোমধ্যেই টুর্নামেন্টজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বিভিন্ন স্টেডিয়ামে নিয়মিত বাজানো হচ্ছে।
এদিকে, ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ এখন জমে উঠেছে শেষ আটের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালের পরই নিশ্চিত হবে ফাইনালে ওঠা দুই দল। আর সেই শিরোপা লড়াইয়ের পাশাপাশি এবার বিশ্বজুড়ে কোটি দর্শকের চোখ থাকবে ফুটবল ও সংগীতের অনন্য এই মিলনমেলার দিকেও।


