
সরকারের সমালোচনা করার কারণে এখন আর কাউকে গুম হওয়ার আশঙ্কায় থাকতে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষায়, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বাকস্বাধীনতা ফিরে এসেছে।
সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে গণতন্ত্রকে টেকসই করতে এবং জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য অপরিহার্য।
তিনি বলেন, “গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি। অন্যথায় নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী দেশি-বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”
বিএনপির এই নেতা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। বর্তমান পরিস্থিতিতে সেই স্বাধীনতা ফিরে এসেছে বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা দেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ ইকোসিস্টেম এবং সম্ভাবনাময় অর্থনীতি গড়ে তুলতে নীতিগত সহায়তা ও উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


