২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে পবিত্র হজ পালনে সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা, যা সরকারি সাশ্রয়ী প্যাকেজের তুলনায় ৮ হাজার টাকা বেশি।

সরকারি দুই প্যাকেজেই বাংলাদেশ-সৌদি আরব-বাংলাদেশ রুটে যাওয়া-আসার বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া প্রশাসনিক ব্যয়, আইটি সেবা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, কল্যাণ তহবিলসহ অন্যান্য নির্ধারিত ব্যয় প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে।

হজ প্যাকেজ-১-এ যা থাকছে

এই প্যাকেজে নিবন্ধনকারীরা মক্কায় মসজিদুল হারাম থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে আবাসনের সুবিধা পাবেন। মদিনায় মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা থাকবে।

এছাড়া মিনায় জোন-২-এ তাঁবু, মিনা ও আরাফায় উন্নত সেবা, মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ এবং সাধারণভাবে ৩৫ থেকে ৪০ দিন সৌদি আরবে অবস্থানের সুযোগ রাখা হয়েছে। অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি প্যাকেজ নেওয়ার সুযোগও থাকবে।

সাশ্রয়ী প্যাকেজে কী সুবিধা

সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এ মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসন দেওয়া হবে।

মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

বেসরকারি হজ প্যাকেজ

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত হজ এজেন্সিগুলো সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ অনুসরণ করবে। তবে অতিরিক্ত সুবিধা যুক্ত করে সর্বোচ্চ তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে। কোনো অবস্থাতেই সরকারি সাধারণ প্যাকেজের চেয়ে নিম্নমানের সেবা দেওয়া যাবে না।

প্যাকেজ খরচ
সরকারি প্যাকেজ-১ ৬,১৫,২৬৩ টাকা
সরকারি প্যাকেজ-২ ৫,০৫,৬৪৮ টাকা
বেসরকারি সাধারণ প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ