বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে কার্যকর হওয়া এই নিয়োগের মেয়াদ হবে এক বছর। এ সময় তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারের জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চুক্তিভিত্তিক এই নিয়োগ সংশ্লিষ্ট আইন ও নির্ধারিত শর্তাবলি অনুযায়ী কার্যকর হবে।

কাজী জেসিন একজন কবি ও সাংবাদিক। জন্ম গাইবান্ধা জেলায়। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন টেকসই উন্নয়ন ও লিডারশিপে। তাঁর প্রকাশিত গ্রন্থ কবিতা—তানানুম তানানুম [২০১০], জোৎস্নামত্ত যাত্রা [১৯৯৭]। লেখালেখির শুরু করেন ১৯৯৭-এ লিটল ম্যাগে প্রবন্ধ লেখার মধ্য দিয়ে। পেশাগতভাবে কাজ করেছেন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিতে। 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ