মমতার গাড়িতে পাথর-কাদা-জুতা, কাঁচরাপাড়ায় তুমুল বিক্ষোভ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, কাদা ও জুতা ছোড়ার অভিযোগ উঠেছে।

রোববার কাঁচরাপাড়ায় মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মমতা। পথে হালিশহর এলাকায় তাঁর গাড়ি ঘিরে একদল মানুষ বিক্ষোভ করেন এবং ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’সহ বিভিন্ন স্লোগান দেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

বিক্ষোভের সময় গাড়িতে পাথর, কাদা ও জুতা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, বড় বড় ইটও গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হতে পারতেন বলে মন্তব্য করেন সাবেক মুখ্যমন্ত্রী।

ঘটনার জন্য রাজ্য সরকার ও বিজেপিকে দায়ী করেছেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির ‘গুণ্ডাদের’ দিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে এবং পুলিশ তাদের সুরক্ষা দিয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা ভুলে যান। লুম্পেনদের সুরক্ষা দিচ্ছে পুলিশ! বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে। আমরা কেস করব।’

তবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, মমতার গাড়ি ঘিরে বিক্ষোভে বিজেপির কোনো কর্মী ছিলেন না। বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, মমতা উসকানি দিতেই কাঁচরাপাড়ায় গিয়েছিলেন এবং স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েছেন।

মমতার সঙ্গে এদিন ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাঁরাও বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ ও মাফিয়াদের ব্যবহার করে রাজ্য পরিচালনা করছেন।

এদিকে, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানার পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

শনিবার পুলিশ হেফাজতে বিরজুর মৃত্যুর খবর আসে। তাঁর স্ত্রী জেনির অভিযোগ, থানার ভেতরে পুলিশের মারধরেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিরজুর পরিবারের সঙ্গে দেখা করতেই রোববার কাঁচরাপাড়ায় যান মমতা। সেখানেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ