
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি রাজ্য গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে।
সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য থানায় অভিযোগটি করেন। অভিযোগে বলা হয়েছে, গত ছয় মাস ধরে সৌরভের পরিবারকে উদ্দেশ করে বেনামে ইংরেজিতে বেশ কয়েকটি আপত্তিকর চিঠি পাঠানো হচ্ছিল। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখা হয়নি।
তবে সোমবার পাওয়া সর্বশেষ চিঠিতে সরাসরি সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের দ্বারস্থ হন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির চিঠিতে উল্লেখ থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’-এ অনুসন্ধান করে অরুণ কুমার নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তবে ওই ব্যক্তিই চিঠিগুলো পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। হুমকির চিঠির উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

