বিদ্যুৎ-জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রাখতে ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোন (এসসিএনসিএল) কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রের বরাতে টিবিএস জানিয়েছে, অনুমোদিত ঋণের মধ্যে বিদ্যুৎ খাতের একটি নতুন প্রকল্পের জন্য ২০০ মিলিয়ন ডলার এবং জ্বালানি খাতের জরুরি আমদানির জন্য ৩ দশমিক ১ বিলিয়ন ডলার রয়েছে।

বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন ডলার

বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) বাস্তবায়নাধীন ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’-এর জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

ইআরডির কার্যপত্র অনুযায়ী, এডিবির ঋণের সুদের হার সিকিউর্ড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) সঙ্গে ০.৫০ শতাংশ স্প্রেড যুক্ত করে নির্ধারণ করা হয়েছে।

২৫ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড পাঁচ বছর। এর সঙ্গে ০.১০ শতাংশ ম্যাচিউরিটি প্রিমিয়াম ও ০.১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ রয়েছে। ঋণটির গ্রান্ট এলিমেন্ট মাত্র ৫ দশমিক ৭০ শতাংশ হওয়ায় এটি অনমনীয় বা কঠিন শর্তের ঋণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ঋণের অর্থ দিয়ে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো হবে।

২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুলাই পর্যন্ত বাস্তবায়নযোগ্য প্রকল্পটির আওতায় নতুন ও বিদ্যমান উপকেন্দ্র সম্প্রসারণ, আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড লাইন নির্মাণ, ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন এবং ডিজিটাল মনিটরিং ও ফল্ট লোকেটর প্রযুক্তি যুক্ত করা হবে।

এর ফলে সিস্টেম লস কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন ও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

জ্বালানি আমদানিতে ৩.১ বিলিয়ন ডলার

অন্যদিকে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নিয়মিত সরবরাহ বজায় রাখতে সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ দশমিক ১ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি অনমনীয় ঋণের ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।

এই অর্থের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল আমদানিতে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এলএনজি আমদানিতে ৬০০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।

ইআরডির তথ্য অনুযায়ী, ছয় মাস মেয়াদি এ ঋণের সুদের হার ৬ মাসের টার্ম এসওএফআরের সঙ্গে ১ দশমিক ৭০ শতাংশ যোগ করে নির্ধারণ করা হয়েছে। এটি আগের বছরের বার্ষিক হারের তুলনায় কিছুটা কম।

৩ দশমিক ১ বিলিয়ন ডলারের এ ঋণ সুবিধার মধ্যে আইটিএফসি নিজস্ব উৎস থেকে ৬০০ মিলিয়ন ডলার দেবে। বাকি ২ দশমিক ৫ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কো-ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সংস্থান করা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ