
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে গত ছয় বছরে জমা হয়েছে ১ হাজার ৪৪ ভরি সোনা ও ১ হাজার ৮৮ ভরি রুপা। এ ছাড়া পাওয়া গেছে ৩০টি দেশের বৈদেশিক মুদ্রা।
সোমবার (১২ অক্টোবর) দিনভর বাছাই, পরিমাপ ও গণনা শেষে এসব তথ্য জানানো হয়।
এর আগে সোমবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ট্রেজারি থেকে সিলগালা করা কন্টেইনার ও খাম বের করা হয়। পরে কড়া নিরাপত্তায় সেগুলো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেওয়া হয়। সেখানে নয়টি কন্টেইনারে রাখা সোনা-রুপা এবং ছয়টি সিলগালা খামে থাকা বৈদেশিক মুদ্রা গণনা ও পরিমাপের কাজ শুরু হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন পুলিশ সদস্য ও ছয়জন এসআরবি সদস্য। জেলা প্রশাসন, পাগলা মসজিদ ও রূপালী ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি জুয়েলারি সমিতির ১০ জন স্বর্ণকার এ কাজে সহযোগিতা করেন।
সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, ছয় বছরে জমা হওয়া সোনার পরিমাণ ১২ কেজি ১৭৪ গ্রাম, যা ১ হাজার ৪৪ ভরি। আর রুপার পরিমাণ ১২ কেজি ৬৯০ গ্রাম, যা ১ হাজার ৮৮ ভরি।
গণনা কার্যক্রমের দায়িত্বে থাকা রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী জানান, দানবাক্সে ৩০টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। তবে এসব মুদ্রার গণনা শেষ করতে আরও সময় লাগবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোনা ও রুপার বর্তমান বাজারমূল্য নির্ধারণের পর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা ব্যাংকের বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।
পাগলা মসজিদের দানবাক্স সাধারণত তিন মাস পরপর খোলা হয়। এতে নগদ অর্থের পাশাপাশি সোনা-রুপাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাওয়া যায়। দানবাক্স খোলার পর নগদ অর্থ গণনা করে দ্রুত হিসাব জানানো হলেও সোনা-রুপা জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
সর্বশেষ ২০২০ সালের ১১ মার্চ সোনা-রুপার হিসাব করা হয়েছিল। তখন প্রায় তিন বছরে জমা হওয়া ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রুপা নিলামে বিক্রি করে ১ কোটি ১১ লাখ ১০ হাজার ১২০ টাকা পাওয়া যায়। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া যায় ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।
২০২০ সালের পর থেকে এ পর্যন্ত পাগলা মসজিদের দানবাক্স ১৮ বার খোলা হয়েছে। তবে সোনা-রুপা পরিমাপ ও বৈদেশিক মুদ্রা গণনার আয়োজন এবারই প্রথম।
জেলা প্রশাসন সূত্র আরও জানায়, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। পাশাপাশি মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনুদান হিসেবে এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা।
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদটি দেশজুড়ে পরিচিত। মানত পূরণের আশায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে দান করেন। এসব দানের অর্থ মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

