
দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে ১০৩ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান। এ সময় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমবিষয়ক প্রতিনিধি ও নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোট ১১২ জন কর্মীকে প্রথম দফায় পাঠানোর কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকায় ৯ জন যেতে পারেননি। তাদের কাগজপত্র ঠিক হলে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় পাঠানো হবে বলে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে।
মালয়েশিয়ায় পৌঁছানো কর্মীদের দেশটির বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন তারা। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, চিকিৎসাসুবিধা এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে।
৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করে।
এর আগে বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি বিদেশে কর্মীদের দক্ষতা বাড়াতে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী কর্মীদের মালয়েশিয়ার আইন, সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। পর্যায়ক্রমে এসব চাহিদার বিপরীতে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন করে শ্রমবাজার চালু হওয়ায় এবং নিয়োগকর্তার অর্থায়নে কর্মী পাঠানোর ব্যবস্থা শুরু হওয়ায় বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

