তাজমিনের মৃত্যু: হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন রাজু। গত ৬ অক্টোবর তাঁরা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত কাটান। ভালোবাসার অভিনয় করে তাজমিনকে কক্সবাজারে এনে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেন ওই আইনজীবী।

তিনি জানান, ঘটনার বিচার নিশ্চিত করার তাগিদ থেকেই আদালতে মামলার আবেদন করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে তাজমিনের বয়সের বিষয়টিও উল্লেখ করা হয়।

এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে যায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেওয়ার বিষয়ে জটিলতা দেখা দেয়। কুমিল্লা পুলিশ তাঁকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগটি মামলার আবেদনকারীর বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধ

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ