
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গত আট মাস ধরে সরকার বিভিন্নভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ করে দিচ্ছে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্বাসিত হবে—এমন প্রচারণা সাধারণ কোনো প্রোপাগান্ডা নয়; বরং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দিল্লির প্রোপাগান্ডা। তবে ডিসেম্বরে দলটির ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, বৈষম্যহীনতা ও সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।
নাহিদ ইসলামের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় সাংবাদিকসহ সরকারবিরোধী অনেক মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার, মারধর ও নির্যাতন করা হয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়ন না করে সরকার সাংবিধানিক সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে বলেও দাবি করেন তিনি। অথচ নির্বাচনে সরকার ৭০ শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।
শ্রমিক অসন্তোষের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিক আন্দোলন শুরুর প্রায় এক সপ্তাহ পর মজুরি বোর্ড গঠন করা সরকারের গাফিলতি ছিল। তার মতে, এই বিলম্বের সুযোগ নিয়ে বিভিন্ন পক্ষ নাশকতার চেষ্টা চালিয়েছে।
মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদীসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

