সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির র‍্যালি, নেতৃত্বে রিজভী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত র‍্যালি করেছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র‍্যালি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে র‍্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবিসংবলিত ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ