সাঈদ আনোয়ারের ২৭ বছরের রেকর্ডে ভাগ বসালেন লোকেশ রাহুল

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করে ২৭ বছর আগের রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চার দেশেই টেস্টে শতক হাঁকানো প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ১৩তম শতক তুলে নেন ৩৪ বছর বয়সী রাহুল। এর মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারের ২৭ বছর আগের কীর্তির পুনরাবৃত্তি করেন তিনি।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সেঞ্চুরি করে চার সেনা দেশে টেস্ট শতক পূর্ণ করা প্রথম এশীয় ওপেনার হয়েছিলেন সাঈদ আনোয়ার। এবার নিউজিল্যান্ডের মাটিতে শতক করে সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন রাহুল।

নিউজিল্যান্ডে এটি রাহুলের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতক করেছিলেন তিনি। ১৩টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ১০টি বিদেশের মাটিতে এবং তিনটি দেশের মাটিতে করেছেন।

২০২১ সালের পর টেস্টে ওপেনার হিসেবে সাতটি সেঞ্চুরি করেছেন রাহুল। এই সময়ে বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুণারত্নেরও সমান শতক রয়েছে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তার সেঞ্চুরি চারটি, যা টম ল্যাথাম ও ট্র্যাভিস হেডের সমান।

ভারতের ওপেনারদের মধ্যে টেস্টে রাহুলের শতক এখন ১২টি। এই তালিকায় মুরলী বিজয়ের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন তিনি। শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার, যার ওপেনার হিসেবে সেঞ্চুরি ৩৩টি। দ্বিতীয় অবস্থানে বীরেন্দর শেবাগ ২২টি এবং গৌতম গম্ভীর ও রোহিত শর্মার রয়েছে ৯টি করে।

এর আগে চার সেনা দেশে টেস্টে ফিফটি করা প্রথম ভারতীয় ওপেনার হওয়ার কৃতিত্বও অর্জন করেছিলেন রাহুল। দ্বিতীয় দিনে অপরাজিত ৫২ রান নিয়ে মাঠ ছাড়ার পর তৃতীয় দিনে সেই ইনিংসকে শতকে রূপ দেন তিনি।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রান সংগ্রহ করে। জবাবে ভারত দারুণ ব্যাটিং করে দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান তোলে। রাহুলের ইনিংস থামে ১৩৬ রানে। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে দেবদত্ত পাডিক্কালও অর্ধশতক পূর্ণ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ