
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন গ্রেডভিত্তিক মজুরি কাঠামোর সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ২০২৩ সালে নিম্নতম গ্রেডের শ্রমিকদের মজুরি বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে বছরওয়ারি ১২ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আগের বিভিন্ন সময়ের মজুরি বৃদ্ধির হার পর্যালোচনায় এবারের বৃদ্ধির হার সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, শ্রমিকদের পরিশ্রম দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে, যাতে শ্রমিকরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।
তিনি আরও জানান, শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন সংস্কার করা হয়েছে। মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে প্রতি তিন বছর পর শ্রমিকদের মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হবে, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক হবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে তিনি জানান।
শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখার স্বার্থে শ্রমিকদের কর্মস্থলে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার অনুরোধ করেন।

