গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি গীতিকার ও সংগীতসংশ্লিষ্ট ব্যক্তি মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর দুজন আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের বিষয়টি জানান ন্যান্সি। সেখানে তিনি বলেন, একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে তারা এখন আলাদা জীবন শুরু করতে যাচ্ছেন।

বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়ে ন্যান্সি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এ সময় তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন। জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

গানের সূত্র ধরেই ন্যান্সি ও মহসিন মেহেদীর পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার শুরু করার পর এবার সেই সম্পর্কেরও ইতি টানার সিদ্ধান্ত জানালেন এই সংগীতশিল্পী।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ