
সাউথইস্ট ব্যাংক পিএলসি. তাদের ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৫’ এর আয়োজন করে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধান, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধান এ কনফারেন্সে অংশ নেন।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং সাউথইস্ট ব্যাংকের সম্মানিত পরিচালক যথাক্রমে আজিম উদ্দীন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, মো. আকিকুর রহমান, নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের সম্মানিত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সিংগেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি মো. নুরুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মইন আলম ফিরোজী।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম উল্লেখ করেন, ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টা, নিষ্ঠা ও ভালোবাসার কারণেই ব্যাংকটি শত প্রতিকূলতার মধ্যেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম হয়েছে। তিনি কর্মীদের এ অবদানের জন্য গভীর প্রশংসা করেন এবং তাদের ব্যাংকের প্রতি ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিশ্রুতি দেন যে তিনি সবসময় ব্যাংকের কল্যাণে এবং কর্মীদের পাশে থাকবেন। তিনি আরো আশা প্রকাশ করেন যে সবার ঐকান্তিক প্রচেষ্টা, একতা ও পরিশ্রমের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক একদিন সমস্ত প্রতিকূলতার কালো মেঘ দূর করে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
ব্যবস্থাপনা পরিচালক ছাদেক হোসাইন ২০২৫ সালে ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে কর্মী এবং গ্রাহকদের প্রতি তাদের অবিচল সমর্থন ও আনুগত্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


