
নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ ঐক্যমত ছাড়া কোন কিছু সম্ভবনা।
অনেকে বলছেন জুলাই আগষ্টে নির্বাচন অসম্ভব এমন প্রশ্নে তিনি বলেন, সংস্কার আর নির্বাচন পাশাপাশি চললে অসুবিধা কোথায়? নির্বাচনের পর যে সরকারে আসবে তিনি এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষে থেকে পরিস্কার করে বলতে পারি প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাবো। তাছাড়া সংস্কার ও নির্বাচন একসাথে চলতে কোন বাধা নেই।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে ফখরুল বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সমস্ত ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রমানের পরে তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নিয়ে দলকে আরও বেশি শক্তিশালী ও সাংগঠনিক করেছেন। আজকে তিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা তার জন্য সবাই দোয়া করি। আজকে তারই আরেক যোগ্য উত্তরসরি ওনার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্ব নিয়েছেন। যিনি হাসিনা-ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন নেতৃত্ব দিচ্ছেন।


