মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বিজিবিকে পিটিয়ে বিএনপির নেতাকর্মীরা ছিনিয়ে নিলেন ভারতীয় মহিষ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মারধর করে রাজশাহীর গোদাগাড়ীতে দুটি ভারতীয় চোরাই মহিষ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (১৯ জানুয়ারি) রাত দেড়টায় বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিজিবির রাজশাহীর-১ ব্যাটালিয়নের রাজাবাড়ি বিশেষ ক্যাম্পের হাবিলদার মো. শাহ আলম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। এর আগে শনিবার সকালে মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন- উপজেলার নাজিরপুর গ্রামের মো. মুকুল (৫৫), তার ছেলে হাসান (২৮), বিয়ানাবোনা গ্রামের মো. আক্কাশ (৫৯), তার জামাতা মো. জীবন (৩৩), মোল্লাপাড়া গ্রামের মো. বাবলু (৫০), তার ছেলে মো. ডলার (৩২), একই গ্রামের নয়ন (৩৫), বিজয়নগর গ্রামের হামিদ (৩৫), মো. জনি (৩৫), তার ভাই মো. টনি (৩৩), বিয়ানাবোনা গ্রামের মো. জনি (৪০) ও পবার গহমাবোনা গ্রামের সিজার (৩০)।

এদের মধ্যে জনি ও টনি দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই টুনুর ছেলে। আক্কাস দেওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বাবলু ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। নয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

মামলার অভিযোগে বলা হয়, ভারত থেকে চোরাইপথে দুটি মহিষ আনার  খবর পেয়ে নাজিরপুর গ্রামে অভিযানে নামে বিজিবি। তখন অভিযুক্ত মুকুল কৌশলে পালিয়ে যান। মুকুলকে না পেলেও বিজিবি সদস্যরা মহিষ দুটি জব্দ করে রাজাবাড়ী বিশেষ ক্যাম্পে নিয়ে আসছিলেন। আসার পথে রাজাবাড়ী এলাকায় বিএনপির এই নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠিশোটা নিয়ে অতর্কিতভাবে বিজিবি সদস্যদের ওপর হামলা করেন। এক পর্যায়ে মহিষ দুটি তারা ছিনিয়ে নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ