
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে থাকা ১২৬ জন তৎকালীন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাচ্ছেন। ঠিকানা ও নথিপত্র যাচাই-বাছাই করে ধাপে ধাপে কারাগার থেকে বের করা হবে হচ্ছে। তাদের মুক্তির খবরে সকাল থেকে কারাগারের গেটে অপেক্ষা করছেন স্বজনরা। হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তারা এতদিন কারাগারে আটক ছিলেন।
জানা যায়, গত রোববার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া শুনানি শেষে বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
গত ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো এই আসামিরা জামিন পান। জামিনে কারামুক্ত বিডিআর সদস্যদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ২৬ জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৮৯ জন ও হাই সিকিউরিটি কারাগার থেকে ১২ জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে।


