
মাঠের বাইরের নানা কেলেঙ্কারি-বিতর্কে টালমাটাল দুর্বার রাজশাহী মাঠের ক্রিকেটে এখন সত্যিই দুর্বার, টানা তৃতীয় জয়ে উজ্জ্বল হলো দলটির প্লে-অফ খেলার সম্ভাবনা।
সোমবার বিপিএলের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারাল দুর্বার রাজশাহী। আগের দিন সম্পূর্ণ দেশি একাদশ নিয়ে তারা হারিয়েছিলো শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে।
আগের দিনের জয়ের রেশই কাটতে না কাটতেই চমকপ্রদ অধ্যায় রচনা করে আরেকটি জয়ে নিজেদের রাঙাল রাজশাহী। যারা এবারের বিপিএলে পারিশ্রমিক বিতর্কের কেন্দ্রে, নজিরবিহীন ঘটনার জন্ম দিয়ে যাদের বিদেশি ক্রিকেটাররা মাঠে আসেনি আগের ম্যাচে, যাদের মালিকপক্ষ নিয়ে চলছে ক্রমাগত আলোচনা-সমালোচনা। সেই দলটিই মাঠের বাইরের সবকিছুকে পেছনে ফেলে মাঠের ক্রিকেটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে তারা এখন প্লে-অফের দুয়ারে।
দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে অল্পেই আটকে রেখে প্রথম ইনিংসেই ম্যাচের ফল একরকম লিখে ফেলেন এসএম মেহেরব হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। তবে বিনা যুদ্ধে হাল ছাড়েননি তানজিম হাসানরা। দুর্বার রাজশাহীর ব্যাটিংয়ে কাঁপন ধরিয়ে ছোট পুঁজিকেও দূরের পথ করে তুললেন তারা। তবে আকবর আলি ও রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে শঙ্কা এড়িয়ে আরেকটি জয় পেল রাজশাহী।
অনেক বিতর্কের মধ্যেই রাজশাহীর এটি টানা তৃতীয় জয়। আসরের প্রথম দল হিসেবে প্রাথমিক পর্বের ১২ ম্যাচের সবকটি শেষ হলো তাদের। ছয় জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো তারা। তাদের প্লে-অফে খেলা এখন নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিলেটকে ১১৮ রানে আটকে দেয় রাজশাহী। রান তাড়ায় শুরুতে হোঁচট খাওয়া দলকে কক্ষে ফিরিয়ে ৭৫ রানের জুটি গড়েন বার্ল ও আকবর।
দুজনের জুটির সৌজন্যে ১৯ বল বাকি থাকতেই জিতে যায় তাসকিন আহমেদের দল।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১১৭/৯ (শিনওয়ারি ৯, আরিফুল ৭, জাকির ২৪, সাজ্জাদুল ০, জাকের ১৭, ভাট্টি ২৫, অ্যালেইন ১, তানজিম ২, জাগেসার ৫, সুমন ২০*, রুয়েল ১*; তাসকিন ৪-১-২৫-১, আফতাব ৩-০-১৩-১, মৃত্যুঞ্জয় ৪-০-৩৩-৩, সানজামুল ৪-০-২১-০, মেহেরব ৪-০-১৫-৪, বার্ল ১-০-৮-০)
দুর্বার রাজশাহী: ১৬.৫ ওভারে ১২১/৫ (জিসান ১১, সাব্বির ০, এনামুল ০, ইয়াসির ২, আকবর ৪৩, বার্ল ৪৮*, মেহেরব ৫*, তানজিম ৪-০-১৭-২, জাগেসার ৪-০-৩৪-২, সুমন ২-০-২২-০, রুয়েল ২-০-৮-০, ভাট্টি ৩.৫-০-৩০-১, অ্যালেইন ১-০-৯-০)
ফল: দুর্বার রাজশাহী ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: এসএম মেহেরব হাসান


