
প্রায় ২০ বছর পর ভারতের কলকাতায় যাচ্ছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
আয়োজকদের দাবি, সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক মোহিত রায় বলেন, তসলিমা নাসরিনের পশ্চিমবঙ্গে আসার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। নতুন রাজনৈতিক পরিবেশে দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে তসলিমা নাসরিনের কবিতা ও গান পরিবেশিত হবে এবং তার নিরাপত্তার বিষয়টি সরকার নিশ্চিত করেছে।
আয়োজক সংগঠন ‘সেক্যুলার মিশন’-এর পক্ষ থেকে আইনজীবী ওসমান মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তসলিমার সফরকে ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান’ বলে উল্লেখ করেন। আয়োজকদের প্রচারপত্রে তসলিমাকে ‘মৌলবাদবিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
অন্যদিকে, তসলিমার কলকাতা সফরের সমালোচনা করেছেন আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার উন্নয়নের পরিবর্তে সাম্প্রদায়িক ইস্যুকে সামনে আনছে এবং তসলিমার সফরও তারই অংশ।


