ট্রেন থামিয়ে পালালেন চালক, ময়মনসিংহ রেলস্টেশনে তোপের মুখে স্টেশন সুপার

যাত্রীদের তোপের মুখে পড়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনে এসে পৌঁছায়। এরপরই ট্রেন বন্ধ করে পালিয়ে যান চালক। পরে যাত্রীরা স্টেশন সুপারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

ট্রেনের যাত্রীদের অভিযোগ, ময়মনসিংহ জংশনে আসার পর হাওর এক্সপ্রেস ট্রেনটি আর চলছে না। ট্রেন বন্ধ থাকায় বাচ্চারা এবং নারি যাত্রীরা পড়েছেন বেশি সমস্যায়। স্টেশনের লোকজন বলছে, ট্রেন আর যাবে না, চালক চলে গেছেন। যাত্রীদের আগে থেকে তা জানানো হয়নি।

হাওর এক্সপ্রেস ট্রেন ঢাকায় যাবে না—শোনার পর যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। ঢাকায় যেতে না পারলে কেন ময়মনসিংহ পর্যন্ত আনা হলো, তাঁরা এমন প্রশ্ন করেন স্টেশন সুপারের কাছে। এ সময় টাকা ফেরতের দাবি জানান কয়েকজন যাত্রী।

ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট এস এম নাজমুল হক খান বলেন, আন্দোলনের কারণে ২৮ জোড়া ট্রেন বন্ধ। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বিআরটিসি বাসে তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

তবে বেলা একটা পর্যন্ত কোনো যাত্রীকে বিকল্প পথে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়নি। কোনো যাত্রীকে টাকাও ফেরত দেওয়া হয়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ