
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ-আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় বহু হতাহতের আশংকা করা হচ্ছে।
বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এর পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
বিমানটিতে ৬৪ জন আরোহী ছিলেন এবং এই ঘটনায় আরও বেশি প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন। এদিকে মাঝ-আকাশে বিপর্যয়কর এই দুর্ঘটনায় টুকরো টুকরো হয়ে গেছে যাত্রীবাহী বিমানটি, আর মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার অনেকটাই অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


