
বাংলাদেশ ষড়যন্ত্রের জালে আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হলে জনগণের সরকার ও নির্বাচিত সরকার খুবই দরকার, বলে মন্তব্য করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি আরো বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অবিলম্বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর মানুষের প্রত্যাশা ছিল, নির্বিঘ্নে, মানুষ বসবাস করবে। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসন মানুষকে সহায়তা করবে।
কিন্তু, গত ৬ মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না।
অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ড. ইউনূস সাহেব আপনি মানুষের উপকার করার জন্য দেশে ও সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। আপনার সুনাম আছে। যারা খুব নিপীড়িত ও অভাবী মানুষ, আপনি তাদের জন্য গ্রামীণ ব্যাংক বানিয়েছেন। এখন ক্ষমতার শীর্ষপর্যায়ে আছেন। আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নেই। কারণ, আপনি নিজের থেকে যদি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে সেটা দেশ এবং মানুষের জন্য দুঃখজনক ঘটনা হবে।


