
বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়া হলো সৌদি আরবের মক্কা ও মদিনা নগরীর রিয়েল এস্টেট খাত। বিষয়টি নিশ্চিত করে সৌদি ক্যাপিটাল মার্কেট অথরিটি (সিএমএ) জানিয়েছে, অঞ্চল দুটিতে তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা যাবে। এ সিদ্ধান্তের উদ্দেশ্য হলো পুঁজিবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি। খবর আরব নিউজ।
কিছু বিধিনিষেধ সাপেক্ষে দেশটিতে বিদেশীদের সম্পত্তি কেনার অনুমতি রয়েছে। এর মধ্যে মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা সৌদি নাগরিকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বিদেশীদের সম্পত্তি লিজ নেয়ার অনুমতি রয়েছে।
নতুন নির্দেশনার আওতায় তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা রূপান্তরযোগ্য ঋণপত্রের মধ্যে পবিত্র দুই নগরীতে বিদেশী বিনিয়োগ সীমিত থাকবে। মোট বিদেশী মালিকানা কোম্পানির শেয়ারের ৪৯ শতাংশে সীমাবদ্ধ থাকবে। তবে কৌশলগত বিদেশী বিনিয়োগে কোম্পানির শেয়ার মালিকানা রাখার অনুমতি নেই।
এক বিবৃতিতে সিএমএ বলেছে, এ ঘোষণার মাধ্যমে ক্যাপিটাল মার্কেট অথরিটি বিনিয়োগ উৎসাহ দান, পুঁজিবাজারের আকর্ষণ ও কার্যকারিতা বৃদ্ধি এবং বাজারটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক করতে চায়।
রক্ষনশীল দেশটি এ পরিবর্তনের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পুঁজিবাজারে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) উৎসাহিত করা।
রিয়েল এস্টেট সেক্টরকে শক্তিশালী করা এবং দেশে আরো এফডিআই আকর্ষণ সৌদি ‘ভিশন ২০৩০’ প্রোগ্রামের অন্যতম লক্ষ্য। সৌদি আরব চলতি দশকের শেষ নাগাদ ১০ হাজার কোটি ডলার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কাজ করছে। এজন্য বিভিন্ন উদ্যোগ ও সংস্কার বাস্তবায়ন শুরু হয়েছে। এরই মধ্যে ব্যবসার ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব দেখা গেছে।


