মূল্যস্ফীতির সুফল পেতে আগামী মে পর্যন্ত অপেক্ষা করতে হবে: অর্থ উপদেষ্টা

সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর সুফল পেতে আগামী মে মাস লাগবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আমদানির ফলসহ বিভিন্ন পণ্য ও সেবায় গত মাসে ভ্যাট বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে ফল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা।

এক সাংবাদিক জানতে চান, ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের হুমকি দিয়েছে, দামও বেড়েছে তিনগুণ, মানুষের হাহাকার লেগে যাচ্ছে; এটা অনুভব করেন কি না?

উত্তরে উপদেষ্টা বলেন, “আমি ফিল করি। কিন্তু ব্যবসায়ীরা অনেক ম্যাগনিফাই করে। যখন বাজেট তৈরি করব, তখন ভ্যাট নিয়ে একটা কমপ্রিহেনসিভ ব্যবস্থা নেব। এখন তো এসআরও জারি করে ভ্যাটটা করছি।

“মূল উদ্দেশ্য ছিল এক্সামশন থেকে বেরিয়ে আসা। বহুলোক দিনের পর দিন বহুরকম এক্সামশন ভোগ করছিল। এরমধ্যে হয়তো দুই একটা পণ্য আক্রান্ত হয়েছে। সেটা আমরা চেষ্টা করব যথাসম্ভব লাঘব করার।”

তিনি বলেন, “আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব কমিয়ে আনা। সাথে সাথে আয়ের উৎসটা বাড়ানো।

তিনি বলেন, “রোজার সময় একটা মেজর পরিকল্পনা নেব। সেটার ফলটা এপ্রিল-মে মাসের দিকে পাওয়া যাবে। আজকে সিদ্ধান্ত নিয়েছি। এখন যে পদক্ষেপগুলো নেব, সেটার ফল আসবে এপ্রিলে।

“জুন মাসের দিকে যেটাকে আপনার আইডিয়াল সিচুয়েশন বলছেন, ৬ কিংবা ৭ শতাংশের দিকে যেতে পারে। আমার পক্ষ থেকে বলছি যে, মার্চের দিকে স্পেসিফিক কতগুলো অ্যাকশন দেখবেন। বিশেষ করে আর্থিক খাতকে সামনে রেখে।”

অর্থনীতির নিরিখে রাজাপাকসের শ্রীলঙ্কার সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশের তুলনায় আপত্তি রয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের। তার ভাষ্য, বাংলাদেশের মতো নাজুক অর্থনৈতিক অবস্থা হলে শ্রীলঙ্কাকে খুঁজেই পাওয়া যেত না।

“অনেকে আবার শ্রীলঙ্কার সাথে তুলনা করে। টকশোতে আমি বহু কিছু দেখি। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক নয়। বাংলাদেশের মতো পরিস্থিতি হলে শ্রীলঙ্কাকে খুঁজেই পাওয়া যেত না। এখন আমাদের ১২টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ। ৬০টি ব্যাংকের মধ্যে বাকি ব্যাংকগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিশ্বের কোনো দেশে এরকম হয়েছে?”

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে অনিয়মের কারণে দেশের আর্থিক অবস্থা শোচনীয় হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ