
বেক্সিমকো গোষ্ঠীর চারটি শাখা কারখানা লে-অফ করে শ্রমিকদের ছাঁটাই করার ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৪ ফেব্রুয়ারি এসব কারখানার উৎপাদন বন্ধ এবং শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কারখানাগুলো হলো, গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিং বিভাগ বন্ধ করে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। তবে গোষ্ঠীর অন্যান্য বিভাগ, যেমন রূপগঞ্জের ইয়ার্ন ইউনিট-১-এর কার্যক্রম অব্যাহত থাকবে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেক্সিমকো গোষ্ঠীর কারখানা পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। ইতিমধ্যে কয়েকটি কারখানা লে–অফ করা হয়েছে। এসব কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা আন্দোলন–সংগ্রাম করছেন। পরিস্থিতি এতটা নাজুক হয়ে পড়ে যে সরকার বেক্সিমকো গোষ্ঠীর কারখানা পরিচালনায় পৃথক কমিটি গঠন করে দেয়।


