ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে অতিরিক্ত জনসংখ্যার ভার বহন করতে পারছে না: রিজওয়ানা

ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে, অতিরিক্ত জনসংখ্যার ভার এই নগরী বহন করতে পারছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,“ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না। এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না”। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, ঢাকার অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, একটি টাস্কফোর্স রিপোর্ট অনুযায়ী, ঢাকা ইতোমধ্যেই বাসযোগ্যতা হারিয়েছে। এ বিষয়ে আগেও বিদেশি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, তবে বাস্তবতা হলো দেশের ভেতর থেকেই আমরা টের পাচ্ছি যে রাজধানী বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।

উপদেষ্টার মতে, যতই আধুনিক যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাই গড়ে তোলা হোক না কেন, অতিরিক্ত জনসংখ্যার ভার এই নগরী বহন করতে পারছে না। বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে ঢাকার স্থান অন্যতম, তবে এত ঘনবসতিপূর্ণ রাজধানী বিশ্বের আর কোথাও আছে কি না, তা নিশ্চিত নয়।

অধিক জনসংখ্যার চাপ থেকে ঢাকাকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে অভিমত ব্যাক্ত করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ