
স্বৈরাচার সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের সহ সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর উত্তর এর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মোনালিসা হোসেন।
এছাড়া তার বিরুদ্ধে আরো একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দা মোনালিসা হোসেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি হন।
এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর সৈয়দা মোনালিসা হোসেনের স্বামী জনপ্রশাসন মন্ত্রলায়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে আদাবর থানার হত্যা মামলায় রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার বসুন্ধরায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের বড় বোন মেহরেপুর জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা ও তার স্বামী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান বাবুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।


