
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের উচ্ছেদ চেষ্টাকে কেন্দ্র করে বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
নিহত শিহাব কবির নাহিদ (৩০) একই এলাকার নাছির উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন চিকিৎসাধীন থাকার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।


