
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া যারা রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, যিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আল আমিন, মনিরা শারমিন, হাসান আলী খানকে।
দলের মুখ্য সংগঠক পদে দায়িত্ব পালন করবেন দুজন। তারা হলেন দেশের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন ডা. তাসনিম জারা।
কমিটির তৃতীয় গুরুত্বপূর্ণ পদ ‘প্রধান সমন্বয়কারী’। এ পদে মনোনীত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।


