
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত এবং ১৫ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষার মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি অংশে ২৪ নম্বর, লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে।


