
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত চার মাসের বেতন ৪৮ লক্ষ টাকা পাননি। চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে, যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।
গত ১১ নভেম্বর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ সাকিব ও তার স্ত্রীর সব ব্যাংক একাউন্ট জব্দ করার নির্দেশ দেয়। এরপর তদন্ত হয়, সেই তদন্ত শেষে সরকারের নির্দেশে সাকিবের সব ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। অর্থাৎ, সাকিব আর এসব একাউন্ট ব্যবহার করতে পারছেন না। তাই তাঁকে বেতন দেয়া সম্ভব হচ্ছে না।
তবে, বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘চুক্তি অনুযায়ী তিনি তার বেতন অবশ্যই পাবেন। আপনি খেলুন বা না খেলুন, চুক্তি তো আছেই। বিসিবি তার প্রতিশ্রুতি রক্ষা করবে।’


