
‘মব জাস্টিস’ বা ‘মোরাল পুলিশিংয়ের’ বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার সব সময়ই শক্ত অবস্থায় আছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা বলেন, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এই বলে যে, মব জাস্টিস (দলবদ্ধ সহিংসতা) বা মোরাল পুলিশিংয়ের (নীতি পুলিশিং) কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এর বিরুদ্ধে সব সময়ই শক্ত অবস্থায় আছে।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে পরোক্ষভাবে মব জাস্টিসকে সমর্থন করা হয়, এ বিষয়ে তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে দুঃখ প্রকাশ করেছেন কি না বা তাঁর পদত্যাগের যে দাবি উঠেছে তাতে তিনি পদত্যাগ করবেন কি না।
জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আবারও বলছি মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো সমাজে যখনই ঘটছে তখনই ব্যবস্থা গ্রহণ করছি, যে মুহূর্তে আমাদের নজরে আসছে। মোহাম্মদপুরের ব্যাপারে বলছি, যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপস করেছে। কাজেই স্বতঃপ্রণোদিত হয়ে এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টাই থাকছেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


