
ম্যাচের শুরুর আগে দুই লেগ মিলে রিয়াল এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। কিন্তু এতলেতিকো মাদ্রিদ শুরুতে ১ গোল দিয়ে গুচিয়ে দেয় ব্যবধান। কিন্তু শেষ পর্যন্ত বিতর্কিত টাইব্রেকারে হয় খেলার নিষ্পত্তি। আর রোমাঞ্চকর লড়াইয়ে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় এতলেতিকো, কারণ প্রথম লেগে রেয়াল ২-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে যায় রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
দুই দলেরই প্রথম দুটি শট জালে জড়ায়। তবে, এতলেতিকোর জুলিয়ান আলভারেসের শটের পর হঠাৎ ভিএআরের সাহায্যে তার গোলটি বাতিল করে দেন রেফারি। কারণ, স্লিপ করে পড়ে যাওয়ার আগমুহূর্তে শট ঠিকই নেন, কিন্তু বলে স্পর্শ লেগে যায় তার দুই পা! তাতেই বিপত্তি এবং গোল বাতিল হয়।
পরে ভাসকেসের দুর্বল শট ঠেকিয়ে এতলেতিকোর আশা জাগান ইয়ান ওবলাক, কিন্তু মার্কোস ইয়োরেন্তের শট লাগে ক্রসবারে। এরপর রিয়ালের শেষ শট নিতে আসেন এন্তোনিও রুডিগার, বল ওবলাকের হাতে লেগেও চলে যায় গোললাইন পেরিয়ে।
মেত্রোপলিতানোয় এতলেতিকোর কোচ-খেলোয়াড়-সমর্থকদের চোখেমুখে তখন রাজ্যের হতাশা। আর পাশেই চলতে থাকে রিয়ালের উৎসব।
সব প্রতিযোগিতা মিলিয়ে এনিয়ে ষষ্ঠবার টাইব্রেকারে গড়াল মাদ্রিদ ডার্বি এবং প্রতিবারই বিজয়ী দলের নাম রিয়াল মাদ্রিদ।


