মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেলনা ব্রাজিল, ৪-১ গোলে হার সেলেসাওদের

এস্তাদিও মনুমেন্তালে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে নিয়ে রিতিমতো ছেলেখেলা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওদের।

এই হারের ফলে পরপর দুই ম্যাচে হারের নজির গড়ল সেলেসাওরা। ২০২৩ সালে হারের পর এবার আবারো পরাজয়।

আকাশী-নীলদের আক্রমনভাগের কান্ডারি লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ খেলতে পারেননি চোটের কারনে। তেমনি ব্রাজিল পায়নি নেইমারকে।

খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল পেয়ে যায় আর্জেন্টেনা। ডান পায়ের শটে লক্ষভেদ করেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। এরপর ১২ মিনিটে দারুন এক ভলিতে গোল করেন এনজো ফার্নান্দেজ।

জোড়া গোল হজম করে সফরকারীরা দ্রুত ঘুরে দাড়ায়। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ম্যাথুস কুনহা ২৬ মিনিটে গোল করে ব্যবধান কমান। তবে ৩৭ মিনিটে আলবিসেলেস্তেরা ম্যাক আ্যালিস্টারের কল্যাণে আবারো গোল পেয়ে গেলে স্কোর লাইন ৩-১ শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে আর্জেন্টিনা। ব্রাজিলের জালে বারবার হানা দিতে থাকে আলবিসেলেস্তেরা। অবশ্য ফিনিশিংয়ের দুর্বলতায় আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ হারিয়েছে। অবশেষে ৭১ মিনিটে গোলের হালি পূর্ণ করে আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোর অ্যাসিস্টে গোলটি করেন গিলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

২০১৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৪ গোলের বেশি হজম করলো ব্রাজিল। সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল ৪ গোল খেয়েছিল জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দিন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ