
ছয় দফা দাবীতে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা। রাজধানীর তেজগাঁও এলাকার সাত রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ব্যানারে এই আন্দোলন করছেন ছাত্ররা।
শিক্ষার্থীরা যে ছয় দফা দাবীতে আন্দোলন করছেন সেগুলো হচ্ছে জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের হাইকোর্টের দেয় অবৈধ পদোন্নতি রায় বাতিল করতে হবে। মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে।
দ্বিতীয় দাবী, যেকোন বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে।
তৃতীয় দাবী, উপসহকারি প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থদের জন্য সংরক্ষিত থাকা সত্বেও সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্বশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
চতুর্থ দাবী, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, অধ্যক্ষসহ সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ করতে হবে।
পঞ্চম দাবী, দক্ষ জনসম্পদ তৈরিতে স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারগরি শিক্ষা কমিশন গঠন করতে হবে।
শিক্ষার্থীদের ষষ্ঠ দাবী, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থদের জন্য উচ্চশিক্ষার্থে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।


