
আটমাস বয়সী শিশুকন্যাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন পাষন্ড বাবা কাইয়ুম বিশ্বাস। ঘটনার পর মা পপি বেগম পাগলপ্রায়। সন্তানকে ফিরে পেতে থানা-পুলিশ করে শেষ পর্যন্ত আদালতে গেছেন তিনি।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের নির্বাহী মেজিস্ট্রেটের আদালতে শিশুর পিতা কাইয়ুম বিশ্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন মা পপি বেগম।
প্রতিবেশীরা জানিয়েছে, বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকত তাদের মধ্যে। এর মাঝে তাদের ঘরে একটি কন্যা শিশুর জন্ম হয়। পরবর্তীকালে গত পাঁচমাস আগে কলহের জেরে তাদের মধ্যে তালাক হয়।
ভুক্তভোগী পপি বেগম জানান, তালাকের সময় জোর করে শিশু তানহাকে রেখে দেয় তার স্বামী। পরে শিশুটিকে একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন।
পুলিশ জানিয়েছে, বাচ্চাটিকে যেখানে বিক্রির ঠিকানা দেওয়া হয়েছে সেখানে তারা বাচ্চাটিকে পায়নি। শিশুটিকে খুঁজে পেলে আদালতে পাঠিয়ে দওয়া হবে।


