
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ১০ হাজার টাকা মুচলেকায় অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন।
আদালতসূত্রে জানা গেছে, রোববার সকালে বোরকা পরে আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর জামিন মঞ্জুর হলে তিনি আদালতপাড়া ত্যাগ করেন।
এর আগে এ মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে আদালত তাকে জামিন দেন। মামলা সূত্রে জানা য়ায় ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা টেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়া, আশনা হাবিব ভাবনা, অপু বিশ্বাস, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন ওই মামলার আসামি।


