
বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। সেজন্য কমিশনে এনসিপি ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্টস জমা দিয়েছিল। কিন্তু নিবন্ধন পেতে দলটিকে আরও কিছু কাগজপত্র জমা দিতে বলেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকে চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে তা ঠিক করতে হবে।
নতুন দলের ক্ষেত্রে নিবন্ধন পাওয়ার শর্তগুলো হচ্ছে:
* দলটির একটি সক্রিয় কার্যালয় থাকতে হবে।
* কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতিয়াংশ প্রশাসনিক জেলায়।
* সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা এবং মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।
* দলীয় প্যাডে দরখাস্তের সাথে দলের গঠনতন্ত্র, নির্বাচনের ইশতেহার, দলের বিধিমালা, লোগো, দলীয় পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক একাউন্টের সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।


