
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার রাত ১১টায় গাজীপুরে অবস্থিত কাশিমপুর নারী কারাগার থেকে বের হন তিনি।
কারাগার সূত্র জানিয়েছে, জামিন আদেশ বিষয়ক আদালতের নথি আসার পর অভিনেত্রী শমী কায়সারকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় ঢাকার উত্তরা পূর্ব থানায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় ২০২৪ সালের ৬ নভেম্বর রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করলে শমী তিন মাসের জামিন পান। কিন্তু আপিল বিভাগ ১২ ডিসেম্বর জামিন স্থগিত করেন। এরপর ১১ আগস্ট হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুর করেন।


