
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করে নিয়েছে একটি চক্র। সবমিলিয়ে ২৫ লাখ টাকা স্থান্তর করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। অগ্রনী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখায় তাঁর হিসাবটি। চার দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্র ভাঙানো হয়। টাকা উত্তোলন করা হয় দিনাজপুরের এনআরবিসি ব্যাংকের উপশাখা থেকে অন্য একজনের হিসাবে। ওই টাকা জমা হওয়ার কিছু সময় পর ব্যাংকটির রাজধানীর শ্যামলী শাখা থেকে টাকা তুলে নেওয়া হয়।
একই প্রক্রিয়ায় রাজধানীর ডাচ-বাংলা ব্যাংক ও এনআরবি ব্যাংক থেকে ৩০ লাখ এবং ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়। তবে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তা আটকে দেওয়া হয়।


