
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদ হত্যাকান্ডর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ।
তবে, সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২।
গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউসন।
গত ৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম। ৭ সেপ্টেম্বর তিনি জবানবন্দি দেন।ওই দিন মামলার দ্বিতীয় সাক্ষী রংপুরে কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হককেও জেরা করা হয়।
২৮ আগস্ট জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই দিন সাংবাদিক মঈনুল হকও সাক্ষ্য দেন।


