
বরফে ঢাকা পাহাড়ি পথ! যার পাশেই রয়েছে গভীর গিরিখাদ। একটু পা ফসকে গেলেই নিশ্চত মৃত্যু। ভাবলেই গা শিউরে উঠে। এভাবে পদে পদে ঝুঁকি, ভয়ংকর ঢাল আর নি:শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয় যেখানে সেখানে প্রায় অসম্ভব একটি কাজকে সম্ভব করেছেন বাংলাদেশের কুমিল্লার ছেলে আরিফুর রহমান উজ্জল। ৪১ বছর বয়সী এই অভিযাত্রী সাইকেল চালিয়ে হিমালয়ের তিন বিখ্যাত ট্র্যাকিং রুট মানাসলু সার্কিট, অন্নপূর্ণা এবং এভারেস্ট বেস ক্যাম্পের তিনটি পাস ট্রেইল ঘুরে এসেছেন সাইকেলে।
নেপালের কাঠমান্ডু থেকে হিমালয়ের উদ্দেশে উজ্জল যাত্র শুরু করেন গত ৭ সেপ্টেম্বর। এই সময়টায় প্রায় ৮২০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। যার বড় একটা অংশ ছিল সাদা বরফে ঢাকা আর পিচ্ছিল কাঁদা আর পাথরে ভরা। পাশাপাশি ছিল অক্সিজেনের স্বল্পতা, ভূমিধ্বসের ভয় এবং কোথাও কোথাও পিচ্ছিল বরফ।
প্রথমে মানাসলু সার্কিটের ১৭৪ কিলোমিটার শেষ করতে উজ্জলের লেগেছে ১১ দিন। এরপর ৩৫০ কিলোমিটার দীর্ঘপথ অন্নপূর্ণা সির্কিটে যাত্র করেন তিনি। এই পথে মোটামুটি কিছুটা স্বস্তিতে সাইকেল চালাতে পেরেছেন তিনি। এরপর সবচেয়ে কঠিন ছিল এবারেস্ট অঞ্চলের তিনটি পাস: কংমা লা, চো লা এবং রেঞ্জো লা পাস। কংমা লা পাসে মৃত্যুর অনেক ঘটনা আছে, তাই উজ্জলও বেশ শংকিত ছিলেন এই সময়টায়।
অভিযান শেষে মাত্র দু’দিন আগেই দেশে ফিরে এসেছেন উজ্জল। নেপালের পর্বতারোহীদের সংগঠন রোপ-৪ জানিয়েছে, পৃথিবীর অনেক সাইক্লিস্ট আলাদা আলাদাভাবে এই সার্কিটগুলো ঘুরেছেন। কিন্তু উজ্জল পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি এক অভিযানে তিনটি রুট সাইকেলে একসঙ্গে পাড়ি দিয়েছেন।


