
আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত ১৫ বছরে অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদ সমর্থন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর চীন মৈত্রি সম্মেলন কেন্দ্রে সংবাদমাধ্যম সংস্কার নিয়ে আয়োজিত এক সভায় নিজের মত তুলে ধরেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, “একটা কথা না বলে পারছি না, আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে। আবার দুই দলের দুই ভাগ আছে, আবার তিন ভাগ। নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তো আপনাদের পকেটে ঢুকতে দিতে চায় না, কিন্তু আপনারাই যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস্ অ্যা প্রবলেম।”
বিএনপি সবসময় গণমাধ্যম উন্নয়নে কাজ করেছে উল্লেখ করে ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে।
রাষ্ট্র প্রক্রিয়া নিয়ে খেদ প্রকাশ করে প্রবীন এ রাজনীতিবিদ বলেন, “সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নিই; তাহলে এভাবে কতটুকু সংস্কার হবে তা আমি জানি না।”
বিজেসির তরফ থেকে অনুষ্ঠানে আট দফা প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হচ্ছে- সম্প্রচারমাধ্যমগুলোর জন্য আলাদা আইন প্রণয়ন, একটি স্বাধীন জাতীয় সম্প্রচার কমিশন গঠন, টিভি চ্যানেলগুলোকে পে-চ্যানেল ঘোষণা করা ও সম্প্রচারমাধ্যমকে শিল্প ঘোষণা করা এবং সম্প্রচার সাংবাদিকদের জন্য জবাবদিহিমূলক ‘কোড অব এথিকস’ প্রণয়ন, টিভি লাইসেন্স নীতিমালা ও মালিকানার ধরন নির্ধারণ, পরিচালনা পর্ষদে কর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলীয় প্রভাবমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠার মতো কাঠামোগত সংস্কার, স্বাধীন অ্যাক্রেডিটেশন কর্তৃপক্ষ এবং ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা প্রণয়ন।


