
রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যেক মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
এক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর কারাদন্ড দেওয়া হয় একইসাথে ১ লাখ টাকা অর্থদন্ড। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর কারাদন্ড দেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৫ এর আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
এর আগে গত রোববার তিন মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত। এসব মামলায় অপর আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি।
তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্যশিট দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান এর পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য শফি উল হক, খুরশিদ আলম, মোহাম্ম নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমেদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
মামলার অভিযোগে বলা হয় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা জমি বরাদ্দ নেন।


