
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে গঠন করা আনুষ্ঠানিক অভিযোগ পুনর্বিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার এ রায় দেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট আটটি অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ২ নভেম্বর এ মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। তিনি গ্রপ্তার আছেন। রোববার তাঁকে আদালতে হাজির করা হয়।
হাসানুল হক ইনু ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়া-২ আসন ( ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৩ সেপ্টেম্বর ২০১২ সাল থেকে ৭ জানুয়ারি ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন হাসানুল হক ইনু।


