
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে প্লট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং হাসিনার ভাগ্নি টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে মামলার রায় হবে ১ ডিসেম্বর।
মামলায় অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ১০ বছরের সাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ৪৩ বছর বয়সি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তাঁর মা, ভাই ও বোনকে শেখ হাসিনার মাধ্যমে প্লট পাইয়ে দিয়েছেন।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে যদি টিউলিপ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত হন তাহলে ব্রিটিশ এমপি পদ ছাড়ার চাপে পড়বেন।
এর আগে গত ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সে সময়ও একই রকম চাপে পড়েছিলেন তিনি। কিন্তু সিটি মিনিস্টার পদ ছেড়ে সেবার বেঁচে যান।


