বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বিডিআর হত্যাকান্ডে দলগতভাবে আ’লীগ জড়িত: তদন্ত কমিশন

পিলখানায় সংঘঠিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিশন জানিয়েছে, বিডিআর হত্যাকান্ডে আওয়ামী লীগ দলগতভাবে সরাসরি জড়িত। আর মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন।

ফজলুর রহমান জানিয়েছেন, তদন্তে বিডিআর হত্যাকান্ডে বহি:শক্তি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাশীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে।

কমিশনের অন্য সদস্য মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবীর তালুকদার বলেন, এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। পুরো ঘটনাটি সংঘঠিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকারপ্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও। এ ঘটনায় পুলিশ, র‌্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা।

প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে। জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ